দিনেও জ্বলছিল সড়কবাতি
ভৈরব পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের সড়কবাতিগুলো দুই দিন ধরে দিনেও জ্বলছিল। গতকাল বুধবার বিকেলে পৌরসভার মেয়রের নজরে আনার পাঁচ মিনিটের মধ্যে বাতিগুলো নিভে যায়।ভৈরব বাণিজ্যিক শহর। ১০টি ওয়ার্ড নিয়ে পৌরসভা। উপজেলায় বিদ্যুতের চাহিদা পিক আওয়ারে ১৮ মেগাওয়াট। অফ পিক আওয়ারে ১৩ মেগাওয়াট। কখনোই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। গড়ে তিন থেকে চার ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হয়। এ জন্য আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে প্রায়ই মাইকযোগে প্রচার চালানো হয়। কিন্তু অভিযোগ রয়েছে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে দিনের বেলায় সড়কবাতিগুলো জ্বলে থাকে। এতে করে এক দিকে বিদ্যুতের অপচয় বাড়ে, অপর দিকে পৌর কর্তৃপক্ষকে বাড়তি বিলের বোঝা বইতে হয়। গত মঙ্গলবার থেকে জ্বলছিল ১০ নম্বর ওয়ার্ডের বাতিগুলো। গতকাল বুধবার বিকেলে পৌরসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিষয়টি মেয়রের নজরে আনা হয়। জেনে ক্ষুব্ধ হন তিনি। কথা বলার পাঁচ মিনিট পর বিকেল চারটায় বাতিগুলো নিভে যায়। জানতে চাইলে মেয়র মো. শাহিন প্রথম আলোকে বলেন, ‘রাতেই যেখানে আলো থাকে না, সেখানে দিনে বাতি জ্বলে থাকাটা বড় অন্যায়। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে।’