দিনের খাবার রাতে রান্না!

‘প্রতিদিন রাত দুইটার পর লাইনে গ্যাস আসে। আবার ভোর পাঁচটার মধ্যে চলে যায়। এ কারণে রাতে ঘুম নষ্ট করে রান্নাবান্না করতে হয়। অনেকে বাড়ির আঙিনা ও ছাদে মাটির চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন। গ্যাস-সংকটে নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।’ বলছিলেন কামরাঙ্গীরচরের কয়লাঘাটের বাসিন্দা আজমল হোসেন।
কয়লাঘাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গতকাল বুধবার ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, তাঁরা নানা নাগরিক সেবা বা সুবিধা থেকে বঞ্চিত। তাঁরা জানান, ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, নগর স্বাস্থ্যকেন্দ্র, পার্ক, খেলার মাঠ, ব্যায়ামাগার, গণশৌচাগার, গ্রন্থাগার, কাঁচাবাজার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) বা কনটেইনার ও বুড়িগঙ্গা আদি চ্যানেলের ওপর পর্যাপ্ত সেতু নেই। অন্যদিকে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বুড়িগঙ্গা নদী এবং এর আদি চ্যানেলে জমেছে বর্জ্যের স্তূপ। বাসাবাড়িতে তীব্র গ্যাস-সংকট।
মুসলিমবাগ, হাসলাই, কয়লাঘাট, লালগুদাম, নিজামবাগ, পাকাপুল, করিমাবাদ, বালুরমাঠ, ইব্রাহিমনগর, রহমতবাগ, ছাতা মসজিদ রোড, নিজামবাগ, নুরবাগ, মাদবরবাজার, কুমিল্লাপাড়া, আশ্রাফাবাদ, জঙ্গলবাড়ি, ব্যাটারিঘাট, মমিনবাগ, আহসানবাগ, মাদ্রাসাপাড়া, দুখুরিয়া এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় ভোটার সংখ্যা ৫৫ হাজারের বেশি। জনসংখ্যা পাঁচ লক্ষাধিক।
তীব্র গ্যাস-সংকট
প্রায় অর্ধযুগ ধরে মুসলিমবাগ, হাসলাই, কয়লাঘাট, লালগুদাম, নিজামবাগ, ইব্রাহিমনগর, নুরবাগ, কুমিল্লাপাড়াসহ ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের সব এলাকায়ই তীব্র গ্যাস-সংকট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আদি চ্যানেলে সেতু-সংকট
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড থেকে লালবাগ, চকবাজার বা রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য আশ্রাফাবাদে মাত্র একটি সেতু আছে। ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজন অনেক পথ ঘুরে এই সেতু দিয়ে যাতায়াত করেন। এতে আশ্রাফাবাদ, মাদবরবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে মুসলিমবাগের ঠোটায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের মাথায় আরেকটি সেতু নির্মাণ করলে যানজট ও মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করেন এলাকার বাসিন্দারা।
মুসলিমবাগের বাসিন্দা সালাউদ্দিন বলেন, ২০০৮ সালে মুসলিমবাগে আদি চ্যানেলে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুরুতে সেতুর কয়েকটি খুঁটিও স্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারি একটি সংস্থার বাধার কারণে তা বাস্তবায়িত হয়নি। সেতুটি নির্মাণ করা হলে মুসলিমবাগ ও আশপাশের এলাকার মানুষকে দেড়-দুই কিলোমিটার ঘুরে আশ্রাফাবাদে যাওয়া লাগত না।
গতকাল মুসলিমবাগের ঠোটায় গিয়ে দেখা যায়, এলাকার লোকজন নৌকা দিয়ে আদি চ্যানেল পাড়ি দিচ্ছেন।

কমিউনিটি সেন্টার
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড সূত্র জানায়, ২০১৫ সালের আগস্টে আশ্রাফাবাদ রোডে ঢাকা জেলা প্রশাসনের ৯২ শতাংশ পরিত্যক্ত জমিতে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য ডিএসসিসির মেয়রের বরাবর আবেদন করেছেন ওয়ার্ড কাউন্সিলর। কিন্তু এখনো ডিএসসিসির সাড়া মেলেনি।
আশ্রাফাবাদের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ওয়ার্ডটি মূলত বাতির নিচে অন্ধকারের মতো। কারণ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী জনপদ লালবাগ, চকবাজার সংলগ্ন হয়েও কামরাঙ্গীরচরে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২০০৮ সালে এলাকাটি সিটি করপোরেশনের আওতায় এলেও নাগরিকেরা সেবা পাচ্ছেন না। অথচ কমিউনিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ সেবাটি নাগরিকদের অন্যতম চাহিদা।
পার্ক-খেলার মাঠ
এলাকার লোকজন বলেন, এলাকায় পার্ক ও খেলার মাঠ না থাকায় তরুণেরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। এলাকার তরুণদের অনেকে এরই মধ্যে মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এলাকায় পার্ক-খেলার মাঠের বিকল্প নেই।
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড সূত্র জানায়, মুসলিমবাগের ঠোটায় একটি পরিত্যক্ত জায়গা আছে। কিন্তু সেখানে খেলাধুলার পরিবেশ নেই। জায়গাটি সংস্কার করে মাঠে পরিণত করতে ২০১৫ সালের ডিসেম্বরে ডিএসসিসির মেয়রের বরাবর আবেদন করেছেন ওয়ার্ড কাউন্সিলর।
মুসলিমবাগের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ওয়ার্ডে শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য খোলা জায়গা নেই। বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় সেখানে সাঁতার কাটারও সুযোগ নেই। তাই এই প্রজন্মকে রক্ষায় জায়গাটি সংস্কার করতে হবে।
গণশৌচাগার
গণশৌচাগার না থাকায় পথচারী ও ভাসমান মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, ডিএসসিসির অন্যান্য ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গণশৌচাগার আছে। কিন্তু এই এলাকায় তা না থাকায় পথচারী ও ভাসমান মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসটিএস
দেখা যায়, ওয়ার্ডের প্রায় সব রাস্তাঘাটে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। এর মধ্যে ছাতা মসজিদ রোডের কয়েক শ মিটার অংশে ৮ থেকে ১০ ফুট পর্যন্ত বর্জ্যের স্তূপ। তা গড়িয়ে পড়ছে বুড়িগঙ্গার আদি চ্যানেলে। ওয়ার্ডের কোথাও কনটেইনার বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) দেখা যায়নি।
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ড কার্যালয় সূত্র জানায়, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ২০১৫ সালে মাদ্রাসাপাড়া, কয়লাঘাট, লালগুদাম এলাকায় তিনটি এসটিএস নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। এতে ওয়ার্ডের বর্জ্যের বড় একটি অংশ বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। এ কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে।
ছাতা মসজিদ রোডের বাসিন্দা মো. আল-আমিন বলেন, কামরাঙ্গীরচর সিটি করপোরেশনের আওতায় আসার আগে ও পরে কখনোই বর্জ্য ব্যবস্থাপনা ছিল না। সব বর্জ্য ফেলা হতো বুড়িগঙ্গার আদি চ্যানেলে। এতে চ্যানেলটির এক-তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে।