দিনের পালা চালু করার প্রতিবাদ

দিনের পালা (ডে শিফট) চালুর প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ (দ্বিতীয় বর্ষের) শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীরা। গতকাল বুধবার তারা রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
ছাত্রীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করেই দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখার ক্লাসের সময় ব্যবহারিক পরীক্ষাসহ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত করেছে। এর মধ্যে ক্লাস হবে দুপুরে ১টা থেকে ৫টা পর্যন্ত। এর আগে হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী ১০ জুলাই থেকে এটা কার্যকর হবে। এটা তাদের জন্য খুবই সমস্যা হবে। বিশেষ করে ক্লাস শেষে দূরদূরান্তের ছাত্রীদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, কলেজের জায়গার অভাবে পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ভবনের সমস্যা মিটে গেলে আবার আগের মতো ক্লাস হবে। তাঁর যুক্তি হলো একাদশ শ্রেণিতে ২ হাজার ২০ জন ছাত্রী ভর্তি হচ্ছে। পাশাপাশি দ্বাদশ (দ্বিতীয় বর্ষ) শ্রেণিতে প্রায় সাড়ে ১ হাজার ৮০০ ছাত্রী আছে। সবাইকে একসঙ্গে জায়গা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য পরিচালনা পর্ষদ শুধু বিজ্ঞান শাখার ছাত্রীদের ক্লাসের সময় পরিবর্তন করেছে। তাঁর দাবি, কিছুসংখ্যক ছাত্রী এটা (প্রতিবাদ) করেছে। এর পেছনে কোচিংওয়ালাদের ইন্ধন থাকতে পারে। কারণ, এই সময়ে ক্লাস হলে কোচিং করানো যাবে না। ছাত্রীরা কোচিং করার সময় পাবে না বলে তারা এসব করছে।
গতকাল ছিল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ফল প্রকাশের দিন। দুপুরের আগে ফল আনতে গিয়ে ছাত্রীরা জানতে পারেন, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখা এবং সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রথম বর্ষের সব শাখা ও দ্বিতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ক্লাস হবে। এটি জানার পরপরই বিক্ষোভ শুরু করেন কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। কলেজের প্রধান ক্যাম্পাসের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁরা এখানে পড়তে আসে। ফলে নতুন সময়ের কারণে সমস্যায় পড়তে হবে।