দিনের বেলা সারা দেশে হোটেল-রেস্তরাঁ বন্ধ রাখাসহ ভোগ্যপণ্য বিক্রিতে অধিক মুনাফা, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আলেম-ওলামারা। গতকাল বুধবার সারা দেশে রমজান মাসের পবিত্রতা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা করে তাঁরা এই আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ও ইমাম-আলেম-ওলামারা অংশ নেন। শোভাযাত্রার মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় ও লালনকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।এ ছাড়া রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য বিভিন্ন সংগঠন গতকাল বিবৃতি দিয়েছে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাকের পার্টি।