দিনের বেলায়ও মাছ ধরছে দুর্বৃত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের হাইল হাওরে বাইক্কা বিল অভয়াশ্রমে দুর্বৃত্তদের মাছ ধরা বন্ধ করা যাচ্ছে না। নিষিদ্ধ জেনেও একটি সংঘবদ্ধ দল দিনের বেলাতেও বিলের বিভিন্ন দিকে জাল ফেলে মাছ ধরছে। মাছ রক্ষায় প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে। তারপরও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাইল হাওরের বাইক্কা বিলের অভয়াশ্রমে দিনের বেলাতেও জাল দিয়ে মাছ ধরছে দুর্বৃত্তরা। একদল সংঘবদ্ধ মাছচোরের দল সারাক্ষণ বিলের ওপর চোখ রাখছে। পাহারাদারেরা এদিক-ওদিক সরে গেলেই তারা বিলে নেমে টানা, মশারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে বা ধরার চেষ্টা করছে। একদল বাঁশের লাঠি দিয়ে পানিতে আঘাত করে মাছকে তাড়িয়ে নেয়। তাড়া খেয়ে মাছেরা জালের দিকে ছুটে যায়। তাতে সহজেই জালে অনেক মাছ ধরা পড়ে। পাহারাদারেরা তাদের (মাছচোর) তাড়া করলে তারা পালিয়ে যায়। এই মাছচোরের দল বিগত দুই মাসের মধ্যে দুবার রাতের বেলা পাহারাদারের ওপর হামলা করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, মাছচোরেরা সংখ্যায় প্রায় ৩০ জনের একটি দল। এরা বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচজনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে মাছ ধরার চেষ্টা করছে। এতে করে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাইক্কা বিলে অভয়াশ্রম তৈরির উদ্দেশ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।বাইক্কা বিলের পাহারাদার বশির আলী দিনের বেলাতে জাল দিয়ে মাছ ধরা প্রসঙ্গে গতকাল বলেন, ‘ফইকরা ফোয়াইনতে মাছ চুরি করে। তারার কারণে আমরা নাওর মাঝে পাথর রাখছি। পাথর দিয়া ইটাইয়া তারারে বিদায় করি। আমরার কোনো শান্তি নাই। বারবার তারার পিছে পিছে দৌড়া লাগে। রাতেও সজাগ থাকা লাগে। হারা দিনে দুই-চাইর ঘণ্টা না ঘুমাইলে চলা যায়নি কওকা ঘুমাইতাম পাররাম না। বেশির ভাগ গনিয়া মাছই তারার জালে ধরা পড়ে।’ মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাছচোরদের উপদ্রব বেড়ে যাওয়ায় পাহারাদারের সংখ্যা দুজনের জায়গায় করা হয়েছে চারজন। কিন্তু তাতেও তাদের প্রতিরোধ করা যাচ্ছে না। শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঁইয়া গতকাল বলেন, ‘জাল দিয়ে মাছ ধরছে শুনেছি। গত রোববার শুনে চারটা মোটরসাইকেল নিয়ে লোকজন ছুটে গিয়ে দৌড়াই দিয়ে আসছে। মাছ চুরি রোধে পাহারাদার বাড়িয়েছি। মামলা দিয়েছি। তারপরও এদের দমানো যাচ্ছে না। আগামী দু-এক দিনের মধ্যে মাছ চুরি রোধে কী করা যায়, তা নির্ধারণ করতে আমরা বসব।’ মৎস্য কর্মকর্তা জানান, এই বৈঠকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইপ্যাক, বাইক্কা বিল সহব্যবস্থাপনা কমিটি (বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা থাকবেন।