দিনে-রাতে মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ মেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টায় মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ পান পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নবাসী। এদিকে রাতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, তিন মাস ধরে লক্ষ্মীকুন্ডায় লোডশেডিং বেড়ে গেছে। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১০টার মধ্যে বিদ্যুৎ কয়েকবার আসা-যাওয়া করে। প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা, বেলা তিনটা থেকে বিকেল চারটা, রাত নয়টা থেকে ১০টা এবং ভোর পাঁচটা থেকে ছয়টা—এই চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। এদিকে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ভোর ছয়টায় আবার চলে যায়।
পাবনার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, লক্ষ্মীকুন্ডায় আট হাজার গ্রাহক রয়েছেন। চাহিদার বিপরীতে কম বিদ্যুৎ পাওয়া, ট্রান্সফরমারের সমস্যা ও প্রচণ্ড গরমের কারণে এই ইউনিয়নে লোডশেডিং বেড়ে গেছে।
এদিকে বিদ্যুৎ না থাকার কারণে রাতে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। প্রচণ্ড গরমের সময় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষায়তন কেন্দ্রের (এটিআই) ছাত্র বাপ্পী জানান, রাতে বিদ্যুৎ বন্ধ থাকায় বাধ্য হয়ে দিনে পড়াশোনায় অতিরিক্ত সময় দিতে হচ্ছে।
লক্ষ্মীকুন্ডার মধ্যপাড়া গ্রামের সজল হোসেন বলেন, বিদ্যুৎ-সংকটের কারণে রাতে তাঁর বাড়ির ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ থাকে। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে একাধিকবার অভিযোগ দিলেও তারা পদক্ষেপ নেয়নি।
এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তারিকুল ইসলাম বলেন, পুরোনো ট্রান্সফরমার সংস্কার করে দ্রুত বিদ্যুৎ-সংকট দূর করার কাজ চলছে।