দিপালীর স্কুলের পাশে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গার দিপালীর স্কুলের শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি। গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব উপহারসামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিনা খরচে অস্বচ্ছল ব্যক্তিদের সন্তানদের পড়ানো নিয়ে প্রথম আলো শনিবারে বিশেষ প্রতিবেদনে কিছুদিন আগে ‘নাটোরের দিপালীর স্কুল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এই প্রতিবেদন পড়ে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষকেরা দিপালীর স্কুলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা প্রথম আলোর মাধ্যমে ওই স্কুলের শিক্ষার্থীদের জন্য খাতা ও কলম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠান। এসব শিক্ষাসামগ্রী শিক্ষার্থীরা এক বছরের বেশি সময় ব্যবহার করতে পারবে। গতকাল সকালে স্থানীয় একটি আমবাগানে স্কুলের ৬১ জন শিক্ষার্থী হাজির হয়। নলডাঙ্গা পৌরসভার মেয়র আব্বাছ আলী শিক্ষা-উপকরণগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। নলডাঙ্গা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদ, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মজিবর রহমান, দিপালী রানী ও প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নলডাঙ্গা পৌরসভার মেয়র আব্বাছ আলী বলেন, ‘আমাদের গ্রামে এ ধরনের একটা ভালো কাজ হচ্ছে, তা আমি আগে জানতাম না। প্রথম আলোয় খবর পড়ে আমি বিদ্যালয়টির ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্মিত হয়েছি। নিজেকে গর্বিত মনে করেছি। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সব শিক্ষককে এই শুভেচ্ছা উপহারের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’