রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার এক বছর পূর্তির দিনটিকে ‘শিক্ষা বাণিজ্য প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দিনটি উপলক্ষে গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের আয়তুল্লাহ খোমেনী, সমাজকর্ম বিভাগের উৎসব মোসাদ্দেক, অর্থনীতি বিভাগের দিলীপ রায় প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি