দিরাই উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি আজ
সুনামগঞ্জের দিরাই উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার থেকে দুই দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে। উৎসব ঘিরে পৌর শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধশত তোরণ।
আজ বেলা ১১টায় পৌর শহরের বিএডিসি মাঠে এই উৎসব হবে। প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।
গতকাল শনিবার উৎসব উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান, সকালে শোভাযাত্রা শেষে দিরাই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মারকস্তম্ভের উদ্বোধন হবে। এরপর হবে আলোচনা ও স্মৃতিচারণা। সন্ধ্যায় দিরাই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোক প্রজ্বালন করা হবে, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন সোমবার বেলা ১১টায় উৎসব মাঠে ‘শতাব্দীর শিক্ষা ভাবনা’ শীর্ষক সেমিনার হবে। এতে প্রধান আলোচক থাকবেন লেখক ও সাংবাদিক আনিসুল হক।