দিরাই থেকে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গতকাল সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচার​পতি সুরেন্দ্র কুমার সিনহা (বাঁ থেকে তৃতীয়) l ছবি: ফোকাস বাংলা
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গতকাল সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচার​পতি সুরেন্দ্র কুমার সিনহা (বাঁ থেকে তৃতীয়) l ছবি: ফোকাস বাংলা

চারদিকে মানুষের ভিড়। হাওর-অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন তাঁরা। কেউ কেউ কাঁদছেন। কেউবা বসে আছেন চুপচাপ। আবার কেউ কেউ ব্যস্ত শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন নিয়ে। প্রিয় নেতার মৃত্যুতে সবাই শোকে কাতর, স্তব্ধ।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের জন্মভিটার দৃশ্যটা এ রকমই ছিল। সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দিরাই পৌর শহরের থানা রোডে সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ি। এই দিরাই থেকে ঢাকায় এসে জাতীয় রাজনীতিতে অবদান রেখে গেছেন সুরঞ্জিত। তিনি সাতবার সাংসদ নির্বাচিত হন। ১৯৭০ সালে ন্যাপ থেকে নির্বাচন করে প্রথম সাংসদ হওয়ার পর সুরঞ্জিত সবার মনোযোগ কাড়েন। কারণ, তখন আওয়ামী লীগ প্রায় সব আসনে বিজয়ী হয়। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। সর্বশেষ তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য গঠিত কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাদের কাছে পরিচিত ছিলেন ‘ছোট দলের বড় নেতা’ হিসেবে। আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালের নির্বাচনে হেরে গেলেও পরে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে বাকপটু, রসিক ও দক্ষ সাংসদ হিসেবে সুনামের অধিকারী ছিলেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্তের ছাত্রজীবনের প্রথম অংশ কেটেছে সিলেট ও সুনামগঞ্জে। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। এরপর আইনে ডিগ্রি নেন। তিনি কয়েক বছর আইন পেশায় যুক্ত ছিলেন। প্রথম জীবনে বামপন্থী ছাত্ররাজনীতিতে যোগ দেন সুরঞ্জিত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের সময় দলে ‘সংস্কারপন্থী’ নেতা বলে পরিচিত হন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি মন্ত্রিত্ব পাননি। বাদ পড়েন দলের কেন্দ্রীয় কমিটি থেকে। ২০১২ সালে তিনি রেলমন্ত্রী হন। সে সময় তাঁর ব্যক্তিগত সহকারী (​এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ায় সমালোচনার মুখে পড়েন সুরঞ্জিত। এ ঘটনার পর মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলেও তা গ্রহণ না করে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। সম্প্রতি একটি মামলায় ওমর ফারুকের কারাদণ্ড হয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে তাঁর নির্বাচনী এলাকাসহ (সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা) সমগ্র সিলেট অঞ্চলে। দিরাই পৌর শহরের থানা রোডে সুরঞ্জিত সেনগুপ্তের দোতলা বাড়ির নিচতলায় উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের কার্যালয়। গতকাল সারা দিন সেখানে ছিল অসংখ্য নেতা-কর্মীর ভিড়। ভবনের দোতলায় দুটি কক্ষ। দিরাইয়ে এলে একটি কক্ষে থাকতেন সুরঞ্জিত। এই বাড়ির দরজা সব সময় খোলা থাকত নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের জন্য। দিরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ছইল মিয়া বলেন, দিরাইয়ে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আবদুল মতলিব (৫৫) বলেন, ‘রাজনীতি করলেই মানুষের নেতা অওয়া যায় না। সেন বাবু আছলা সাধারণ মানুষের নেতা। তাইনের শরীরে মাটির গন্ধ আছিল। এর লাগি তাইন মানুষরে অত ভালোবাসতা।’

দোতলার বারান্দায় সুরঞ্জিত সেনগুপ্ত বেতের তৈরি যে চেয়ারটিতে বসতেন, মানুষের সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতেন, সেই চেয়ারটি পরিষ্কার করছিলেন সুবল পাল (৪৫)। সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে বলতে চাইলে তিনি বলেন, তাঁর সংসার-সন্তান নেই, সুরঞ্জিত সেনগুপ্তই তাঁর সব ছিলেন।

হাওর-অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলায় এখন শোকের ছায়া। জেলা যুবলীগের সদস্য দীপু রঞ্জন দাশ বলেন, ‘চৈত্রের শেষ কিংবা বৈশাখের শুরুতে কখনো অকাল বন্যায় হাওরবাসীর একমাত্র বোরো ফসল তলিয়ে গেলে কান্নার রোল পড়ে। সে রকমই পরিবেশ সৃষ্টি হয়েছে সেনদার মৃত্যুতে।’

গতকাল চায়ের টেবিল, অফিস-আদালত থেকে শুরু করে সর্বত্রই ছিল তাঁদের প্রিয় ‘সেনদা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা।