দিরাই-শাল্লা হাওরের ফসল রক্ষা বাঁধ:sh: তৃতীয় মেয়াদেও কাজ শেষ হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শাল্লার ১১টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের শেষ সময় ছিল গত ২৮ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ না হওয়ায় ১৯ মার্চ স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আর এক সপ্তাহ সময় বাড়িয়ে দেন। গতকাল শনিবার তৃতীয় মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। স্থানীয় লোকজনের দাবি, এখন পর্যন্ত কাজ হয়েছে ৬৫-৭০ শতাংশ।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, দিরাই-শাল্লার ১১টি হাওরের ৮৪টি বাঁধ নির্মাণে পাঁচ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এসব বাঁধের কাজ করছে। মাতারগাঁওয়ের কৃষক আমিরুল ইসলাম বলেন, আমাদের কলিয়ারকাপন, চাতল বাঁধে এখনো মাটি ফেলা শেষ হয়নি। গত বছর এ বাঁধ ভেঙে আমাদের ফসল তলিয়ে গেছে। এখন যেভাবে বৃষ্টি হচ্ছে জানি না এবার আমাদের ভাগ্যে কী আছে। চাপতির হাওর উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক শাহিনুর আলম বলেন, চাতল, বৈশাখী ও নোয়াখলা বাঁধে ৬৫-৭০ শতাংশ কাজ হয়েছে। মাননীয় সাংসদের নির্দেশ থাকা সত্ত্বে ও এক সপ্তাহে কাজ শেষ হয়নি। আমার মনে হয়, আর এক সপ্তাহ সময় লাগবে। চাপতির হাওর উন্নয়ন কমিটির সভাপতি লুৎফুর রহমান বলেন, গত শুক্রবার আমরা চাপতির হাওরের ২২ গ্রামের কৃষক কলিয়ারকাপনের বাজারে পাউবো ও পিআইসির লোকের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করব। আমরা ২২ গ্রামের মানুষ মিলে কাল (শনিবার) থেকে স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি ফেলছি। দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা গৌর গোবিন্দ দাস বলেন, অধিকাংশ বাঁধে নিম্নমানের কাজ হয়েছে। নদীর পানি বাড়তেই নোয়াখাল, বোয়ালিয়া ও কাদিরপুর বাঁধে ফাটল ধরেছে। বৃষ্টির পানিতে বাঁধের মাটি ধসে যাচ্ছে, যদি দুই মাস আগে মাটি কাটা হতো, তা হলে এভাবে মাটি ধসে যেত না। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, কলিয়ারকাপন ও কাদিরপুর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে মাটি দেওয়া হয়নি। পিআইসি গঠনে দলীয়করণ করা হয়ছে। আমার মনে হয়, এ মাসেও কাজ শেষ হবে না। দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হক বলেন, দু-এক দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, গত শুক্রবার আমরা দিরাই-শাল্লার বিভিন্ন বাঁধ দেখে এসেছি। দু-এক দিনের মধ্যে বাঁধের কাজ শেষ হবে।