দিরাই-শাল্লাবাসীর প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনিযুক্ত রেলমন্ত্রী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত কাল শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইয়ে আসছেন। মন্ত্রী হওয়ার পর দিরাইয়ে এটাই তাঁর প্রথম আগমন। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শুক্রবারের সংবর্ধনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজসহ বৃহত্তর সিলেটের আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন জানান, সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। দিরাই-মদনপুর সড়কের পাথারিয়া বাজার থেকে মন্ত্রীকে স্বাগত জানাবেন তাঁরা। আলতাব উদ্দিন বলেন, ‘আমরা মন্ত্রীর কাছে দিরাই ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, দিরাই বালিকা উচ্চবিদ্যালয় ও দিরাই উচ্চবিদ্যালয় সরকারীকরণ, নদী খনন ও বিদ্যুতের উন্নয়নসহ ভাটি অঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি করব।’ দিরাই পৌর ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী বলেন, ‘মন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে দিরাই ও শাল্লা কলেজের উন্নয়ন, দিরাই বালিকা উচ্চবিদ্যালয় ও দিরাই উচ্চবিদ্যালয় সরকারীকরণ।’ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ রহমান বলেন, ‘আমাদের নেতা ৪০ বছরের রাজনৈতিক জীবনে এবার মন্ত্রী হয়েছেন। তাই বঞ্চিত দিরাই-শাল্লাবাসীর প্রত্যাশা অনেক। শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে তিনি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবেন, এ আমাদের বিশ্বাস।’ দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরে দিরাই-শাল্লায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা আশাবাদী, নবনিযুক্ত মন্ত্রী ব্যানার, ফেস্টুন, তোরণ ও সংবর্ধনায় ব্যস্ত না হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।’ রেলমন্ত্রী ও স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে দিরাই-শাল্লাবাসীর উন্নয়নে কাজ করে যাব।’