সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কোন্দলের প্রভাব পড়েছে সিলেট নগরে। রেল কেলেঙ্কারির ঘটনায় আলোচিত দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাসের পক্ষে-বিপক্ষে কয়েক দিন ধরে সিলেট নগরে পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটে বসবাসরত দিরাই ও শাল্লা উপজেলার বাসিন্দাদের প্রতিষ্ঠিত অন্তত ১০টি পেশাজীবী, সামাজিক ও ছাত্রদসংগঠন রয়েছে। এসব সংগঠনের কয়েকটি ২০ থেকে ৩০ বছরের পুরোনো। অবার কয়েকটি কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময় এসব সংগঠনের উদ্যোগে সিলেট নগর এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সমাজসেবামূলক কাজ হয়ে আসছে। সম্প্রতি শাল্লায় সুরঞ্জিত-অবনীর নেতৃত্বে কোন্দল প্রকাশ্য রূপ পাওয়ার পর এসব সংগঠনের আওয়ামী লীগ অনুসারীরা ভেতরে ভেতরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এর রেশ ধরে সংগঠনগুলোর জরুরি ও সাধারণ বৈঠকও হয়। বিভিন্ন আলোচনার সূত্র ধরে সুরঞ্জিত-অবনীর পক্ষে-বিপক্ষে সংগঠনগুলোতেও নেতৃত্বের দ্বন্দ্ব দেখা দেয়। গত কয়েক দিনে এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। শনিবার রাত আটটায় নগরের মদিনা মার্কেট এলাকায় দিরাই ও শাল্লাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে বসবাসরত ওই এলাকার ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘দিরাই-শাল্লা উন্নয়ন ফোরাম’, ‘শাল্লা উন্নয়ন পরিষদ’ ও ‘সোচ্চার’সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। সভার শুরুতেই সুরঞ্জিত অনুসারী একজন অবনীমোহন দাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করলে অবনী-সমর্থিত ব্যক্তিরা এর প্রতিবাদ শুরু করেন। এ অবস্থায় সভা ভণ্ডুল হয়ে পড়ে। অবনীমোহনের অনুসারী হিসেবে পরিচিত শাল্লা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মলয় কান্তি সরকার ও যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার চৌধুরী জানান, অবনীমোহনের বিরুদ্ধে একজন ব্যক্তি নিন্দা প্রস্তাব উত্থাপন করার পরপর সভায় উপস্থিত প্রায় ৯০ ভাগ লোক এটির প্রতিবাদ করায় সভাটি আর অনুষ্ঠিত হয়নি। শুক্রবার রাতে সুরঞ্জিত সেনগুপ্তের অনুসারীরা নগরের কাজলশাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সিলেটে বসবাসরত দিরাইয়ের রফিনগর ইউনিয়নবাসীর উদ্যোগে এক সমাবেশ হয়েছে। দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল খালিকের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা বক্তৃতা করেন। সভায় বক্তারা বলেন, দিরাই-শাল্লা তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে একটি মহল বিষোদগার করছে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্ল্যাটফর্ম নেই, এ রকম অখ্যাত ব্যক্তিরাই প্রবীণ জননেতার বিরুদ্ধে অপপ্রচার করছে। আগামী সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে এই নেতাকে বিজয়ী করে সব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’‘বাঁচাও দিরাই’ সামাজিক সংগঠনের আহ্বায়ক আফতাব মিয়া বলেন, ‘সিলেটে বসবাসরত কিছু মানুষ নিয়ে আমরা সংগঠন করেছিলাম। অথচ সুরঞ্জিত-অবনীর কোন্দলের রেশ দেখছি আমাদের সংগঠনেও লেগে গেছে। এই নেতাদের পক্ষে-বিপক্ষে দুটি পৃথক গ্রুপের উৎপত্তি হয়ে গেছে। অবাক লাগছে, একটি সামাজিক সংগঠনেও রাজনীতি ঢুকে পড়েছে। এ অবস্থায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’তবে সামাজিক সংগঠনের একাধিক নেতারা জানান, সুরঞ্জিত-অবনীর পক্ষে-বিপক্ষে ঠিক দ্বন্দ্ব নয়, অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এমনকি দুই নেতার দ্বন্দ্ব নিরসনে কেউ কেউ উদ্যোগ নেওয়ারও চেষ্টা করছেন। কারণ উভয় নেতার পক্ষেই এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।