দিরাই-শাল্লার হাওর রক্ষা বাঁধে ফাটল, কৃষকদের বিক্ষোভ
এক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের দিরাই-শাল্লার হাওর রক্ষায় বাঁধ এবং তোফানখালী, গরুখাইর, মইরখাল, পাঠানখালী ও চাপতির হাওরের বৈশাখী বাঁধে ফাটল ধরায় স্থানীয় কৃষকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সঠিকভাবে বাঁধ নির্মাণে ব্যর্থ হয়েছে। ঠিকাদারদের দুর্নীতির কারণে বাঁধ ভেঙে পানি ঢুকে ৪৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। জানা গেছে, বাঁধ মেরামতের দাবিতে গতকাল বৈশাখী বাঁধের ওপর সাত গ্রামের কৃষকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। হাওর উন্নয়ন পরিষদের সভাপতি নজির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য সুজাত মিয়া, কৃষক লেবু মিয়া, সুবা মিয়া, আল আমিন, মহররম মিয়া প্রমুখ। তাঁরা পাউবোকে বৈশাখী বাঁধের ফাটল মেরামতের জন্য সাত দিনের সময় বেঁধে দেন। অন্যথায় ফসলের ক্ষতি হলে পাউবোকেই তার দায়দায়িত্ব নিতে হবে বলে তাঁরা জানিয়েছেন।হাওর তদারকের দায়িত্বপ্রাপ্ত পাউবো কর্মকর্তা শাহ আলম বাঁধে ফাটলের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা প্রতিটি বাঁধের অবস্থা পর্যবেক্ষণ করছেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক প্রথম আলোকে বলেন, সুুনামগঞ্জ পাউবোর প্রধান নির্বাহীর সঙ্গে আলাপ হয়েছে। তিনি বলেন, বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।