দিরাই-শ্যামারচর সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কে লেগুনা ও ব্যাটারিচালিত ইজিবাইকের চালকদের দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই-শ্যামারচর সড়কের দৈর্ঘ্য ১৯ কিলোমিটার। এই সড়কের একটি স্থানে লেগুনা থামিয়ে যাত্রী ওঠানো-নামানো নিয়ে ইজিবাইকচালকদের দ্বন্দ্ব চলছে। আর ইজিবাইকের মালিক ও চালকেরা সড়কের রাজানগর বাজারে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রী না নেওয়ার দাবি জানিয়েছেন। লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকেরা দাবি করেছেন সড়কে ইজিবাইক নিষিদ্ধ করতে হবে। এ দাবিতে গতকাল রোববার দুপুরে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন তাঁরা।
সুনামগঞ্জ জেলা লেগুনা চালক সমিতির সহসভাপতি আলেক মিয়া জানান, দ্বন্দ্বের জের ধরে গত শনিবার ওই সড়কের চকবাজারে ইজিবাইকের মালিক ও চালকেরা লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মারধর করেন। তবে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান জানান, শনিবার কাউকে মারধর করা হয়নি। তিনি আরও জানান, এর আগে ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষের সভা হয়। সভায় রাজানগর বাজারে লেগুনা থামিয়ে যাত্রী না তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারা এ সিদ্ধান্ত না মানায় আবার সমস্যা দেখা দিয়েছে।
গতকাল সকাল থেকে ওই সড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাব হোসেন জানিয়েছেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন তাঁরা।