দিরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারম খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জ দিরাই ডিগ্রি কলেজ চত্বরে গতকাল রোববার বেলা ১১টার দিকে ছাত্রদলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন দীপ্ত দাস, নুরুল আমিন সরদার, মনির মিয়া, মির্জাদুল হক ও ফরহাদ। তাঁরা সবাই কলেজ ছাত্রদলের নেতা মোশাররফ-সমর্থক। তাঁদের মধ্যে দীপ্ত দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রদলের কলেজ শাখার এক পক্ষের সভাপতি জাহিদুল মিয়া বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থাকলেও এ ঘটনাটি ঘটেছে ক্যারম খেলা নিয়ে।
ছাত্রদল কলেজ শাখার আরেক অংশের সভাপতি মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের পক্ষের ছাত্রদের ওপর জাহিদুল পক্ষের ছাত্ররা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস জানান, জরুরি সভা করে ঘটনা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।