দিরাইয়ে লোক উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে আয়োজিত দুই দিনের লোক উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। সন্ধ্যায় সমাপনী আলোচনা আর রাতে করিমের জনপ্রিয় গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শাহ আবদুল করিমের ভক্ত-অনুরাগীদের এই ‘মিলনমেলা’।
বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় বাউলসম্রাট শাহ আবদুল করিম পরিষদ দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে শুক্র ও শনিবার এই উৎসবের আয়োজন করে।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। বাউলসম্রাট শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নূর জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার প্রমুখ। পরে শুরু হয় বাউল করিমের জনপ্রিয় গানের পরিবেশনা। এদিকে দিরাই পৌর শহরের থানা পয়েন্টকে ‘শাহ আবদুল করিম চত্বর’ এবং দিরাই-উজানধল সড়কের নাম তাঁর নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।