দিরাইয়ে শিয়ালের কামড়ে দুই দিনে আহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার তিন গ্রামে গত দুই দিনে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাতে একা ঘর থেকে বের না হতে গতকাল শনিবার উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি, দৌলতপুর ও নগদীপুর গ্রামে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, একটি শিয়াল গত শুক্রবার সন্ধ্যার পর থেকে গতকাল সকাল নয়টা পর্যন্ত ওই তিন গ্রামের যাকে সামনে পায় তাকেই কামড় দেয়। এতে কাউয়াজুরি গ্রামের সোনারা বেগম, খেলু মিয়া, নূর মিয়া, ইমা বেগম, বিউটি বেগম, ইকবাল হোসেন, শাহীন মিয়া, ইছবর মিয়া ও এয়ার মিয়া, দৌলতপুর গ্রামের জুনেদ মিয়া, মাহবুবা বেগম, রুমি বেগম, বিজয় মিয়া ও আলী হোসেন ও নগদীপুর গ্রামের এনি বেগম, ফারুক মিয়া, সোনাউর মিয়া, মিঠু মিয়া ও গিয়াস উদ্দিন আহত হন। আহত ব্যক্তিদের গতকাল সুনামগঞ্জ সদর হাসপাতাল, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক পল্লী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।
জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, কী কারণে শিয়াল এক রাতেই তিন গ্রামের এত মানুষকে কামড় দিয়েছে, তা স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। সবার ধারণা, এই শিয়ালটির হয়তো কোনো সমস্যা আছে। এলাকার লোকজন এটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। লোকজনকে খালি হাতে রাতে একা বের না হওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, শিয়ালের কামড়ে আহত কয়েকজন সদর হাসপাতালে এসে প্রতিষেধক নিয়েছেন। আক্রান্তদের বাড়িতে গিয়ে প্রতিদিন কাপড় ধোয়ার সাবান দিয়ে আক্রান্ত স্থান একাধিকবার ধোয়ার জন্য বলা হয়েছে। ধোয়ার কাজটি আক্রান্ত ব্যক্তির নিজের করতে হবে। অন্য কারও করা এটা ঠিক হবে না।