দিরাইয়ে সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে চার গ্রামবাসীর দুই দফা সংঘর্ষে গতকাল শনিবার কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ২০-২২টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রজনীগঞ্জ উচ্চবিদ্যালয়ের হলিমপুরের কয়েকজন ছাত্র সাকিতপুরের দুজন ছাত্রকে রজনীগঞ্জ বাজারের লঞ্চঘাটের সামনে মারধর করে। পরে ওই দুই ছাত্রের অভিভাবকেরা এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেন। গতকাল সকাল ১০টায় এ বিষয়ে বিচারের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সকাল সাড়ে নয়টার দিকে ঠাকুরভোগ গ্রামের কয়েকজন ছাত্র সাকিতপুরের ছাত্রদের সঙ্গে কটাক্ষমূলক কথাবার্তা বলে। এ সময় সাকিতপুরের ছাত্ররা তাদের মারধর করে। পরে ঠাকুরভোগের ছাত্ররা সাকিতপুরের ছাত্রদের ওপর হামলা চালালে এতে দুজন আহত হয়। পরে উভয় পক্ষের চার গ্রামের লোকজন রজনীগঞ্জ বাজারে সংঘর্ষের লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত ও ২০-২২টি দোকান ভাঙচুর করা হয়। গুরুতর আহত তফজ্জুল হোসেন চৌধুরী, শাহ আলম সরদার ও আবদুল খালেককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সল সরদার ও জয়নুদ্দিন সরদারকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রজনীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা বলেন, তিন-চার দিন আগে সাকিতপুর ও হলিমপুরের ছাত্রদের মধ্যে মারামারি হয়। এ বিষয়ে সমাধানে গতকাল (শনিবার) সকালে বিদ্যালয়ে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে নয়টার দিকে সাকিতপুর ও ঠাকুরভোগ গ্রামের ছাত্রের মধ্যে মারামারি হলে সে বিচার বন্ধ হয়ে যায়।
থানার ওসি এনামুল হক বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।