দিরাইয়ে সাঁকোয় চলাচল পৌরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ১৪ বছরেও দিরাই পৌরসভার নিজস্ব কার্যালয় হয়নি। পৌর শহরের উপজেলা পরিষদ রোডের ভাড়া করা একটি বাড়িতেই চলছে পৌরসভার কার্যক্রম।
এদিকে পৌর সদরের সুজানগর, ভরারগাঁও, নরউত্তমপুর ও পশ্চিম মাদানি মহল্লায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এ ছাড়া জলাবদ্ধতা ও রাস্তাঘাটের বেহাল অবস্থা তো আছেই।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯৯৯ সালে ৬ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে দিরাই পৌরসভা গঠিত হয়।
শহরের নাসির উদ্দিন রোডের বাসিন্দা খসরুল হক বলেন, ‘আমরা নামেই পৌর শহরের বাসিন্দা। আমাদের রাস্তাঘাট নাই। যা ছিল, তারও কোনো উন্নয়ন হয়নি। বাঁশের সাঁকো পার হয়ে দিরাই বাজার ও হাসপাতালে যেতে হয়।’
কলেজ রোডের বাসিন্দা ও সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, ‘একটু বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে আমি নিজের একতলা পাকা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি।’
দিরাই সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের সরদার বলেন, ‘পৌরসভা হওয়ার পর আমাদের অবস্থার উন্নতি হয়নি। পৌরবাসীর ওপর শুধু করের বোঝা চেপেছে।’
ভরারগাঁওয়ের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অব্দাই মিয়া বলেন, ১৪ বছরেও আমার গ্রামে বিদ্যুৎ আসেনি। মন্ত্রীবাবু (সুরঞ্জিত সেনগুপ্ত) দুই বছর আগে বললেন, গ্রামে বিদ্যুৎ আসবে। কিন্তু আসেনি। একই অভিযোগ সুজানগর, পশ্চিম মাদানি মহল্লা ও নরউত্তমপুরের বাসিন্দাদের।
দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, কলেজ রোড দিয়ে যানবাহনে যাতায়াত করা তো যায়ই না, হেঁটে চলাও কঠিন। তার ওপর কলেজ রোডে বাস, লেগুনা ও সিএনজি স্টেশন হওয়ায় যানজট লেগেই থাকে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস স্বীকার করেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসপাতাল-সংলগ্ন নাসির উদ্দিন রোডের বাসিন্দারা বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন। এটা বড়ই দুঃখজনক।
ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায় বলেন, দিরাই বাজার সেতু থেকে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কার্যালয় পর্যন্ত নর্দমার কাজ ৫০ শতাংশ হয়েছে। পৌরসভার তহবিল-সংকট থাকায় বাকি কাজ বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে সব রাস্তা সংস্কার করা হবে। তিনি আরও জানান, পৌরসভার কার্যালয়টি রাধানগর রোডের সাবেক সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানান্তরের চিন্তা-ভাবনা রয়েছে। মেয়র দেশে ফিরলে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।