দিরাইয়ে ইউপি প্রার্থী বাছাইয়ে ঢাকায় সভা
সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে ঢাকায় সভা করছেন নেতা-কর্মীরা। গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে এ সভা হয়।
সভায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারে সভাপতিত্ব করেন।
প্রার্থী বাছাইয়ে ঢাকায় সভা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘দলের নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাই স্থানীয়ভাবে হওয়ার কথা। ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা হয়ে আমাদের কাছে তালিকা আসবে। দিরাইয়ের প্রার্থী বাছাইয়ে ঢাকায় কেন সভা হচ্ছে, সেটা বুঝতে পারছি না।’ এ ব্যাপারে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘এর আগে প্রার্থী বাছাইয়ে ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক সমস্যার কারণে আমরা নিজেরাই ঢাকায় গিয়েছি। প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতার জন্য তাঁর উপস্থিতিতে সভা করেছি। এখন উপজেলা পর্যায়ে আমরা বসব। পরে প্রার্থী তালিকা জেলা ও কেন্দ্রে দেওয়া হবে।’