দিরাইয়ে ডাকাতের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় ডাকাতের গুলিতে ওই গ্রামের অনুরঞ্জন দাস (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দীপ রানী ও পরবী দাস নামের দুই নারী।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একদল ডাকাত মাইক্রোবাসে করে ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামে আসে। ওই গ্রামের পাশে মাইক্রোবাস রেখে একটি নৌকা নিয়ে তারা সুতারাগাঁও গ্রামে যায়। সেখানে তারা অস্ত্রের মুখে গৌতম কুমার দাসের বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল লুট করে পালানোর সময় এলাকাবাসী চিৎকার শুরু করে। এ সময় গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেললে তারা গুলি চালায়। এতে অনুরঞ্জন দাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং দীপ রানী ও পরবী দাস আহত হন। এলাকাবাসী মাইক্রেবাসে থাকা ডাকাত দলের সহযোগী আকলিমা বেগম নামের এক নারীকে আটক করে। আকলিমার বাড়ি দিরাই পৌর শহরের বাগবাড়ী এলাকায়।গতকাল রাত নয়টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে বিস্তারিত জানাবেন।