দিরাইয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ৫০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল রোববার দুই গ্রামের লোকজনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পথচারীসহ ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অর্ধশতাধিক দোকান ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার সুজানগর গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে ওবায়দুর এবং রাধানগর গ্রামের আরিফ মেম্বারের ছেলে বায়েজিদ স্থানীয় একটি হোটেলে চা পান করছিলেন। তাঁরা সমবয়সী বন্ধু। একপর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। এর সূত্র ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন নিয়াজ স্টোর, আনারকলি রেস্টুরেন্ট, হাসান স্টোর ও লতিফ ফার্নিচারসহ অর্ধশত দোকানপাট ভাঙচুর করে। এ সময় পৌর শহরের থানা পয়েন্ট থেকে শুরু করে বাজার ব্রিজ পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু করলে ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় অনেক পথচারী আহত হয়। পৌর শহরে সবর্ত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে সুজানগর গ্রামের আবদুল কাইয়ুম (৫৫), আবুল হাসান (২২), উবায়দুর রহমান (২৫) এবং রাধানগর গ্রামের বায়েজিদকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলির কথা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই এখনো পর্যন্ত মামলা করেনি।