দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বায়বাঙালি গ্রামের মসজিদে ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র জাহির আলী ও আবদুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে স্থানীয় একটি বাজারে গত রোববার দুই পক্ষে বাগিবতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন গতকাল দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ আলী হোসেন ঘটনাস্থলেই নিহত এবং ফজলু মিয়া, আনোয়ার হোসেন, খালেক মিয়া, সেলু মিয়া, ছায়াদুল ইসলাম, মায়াদ মিয়া, মমতা বেগমসহ ১০ জন আহত হয়। এই সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গণিউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিরাই থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।