সুনামগঞ্জের দিরাই উপজেলায় গত রোববার দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধসহ ৪৪ জন আহত হয়েছে। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে একরার হোসেন ও সামছুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।গুরুতর আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।একরার হোসেন বলেন, ‘নাচনী গ্রামে যুবলীগের একটি সভা শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে সামছুলের বাড়ির পাশে আসামাত্র তাঁর চাচাতো ভাই শাহ আলমের ঘরের ছাদের ওপর থেকে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে আমিসহ ১০ জন গুলিবিদ্ধ হই।’সামছুলের সমর্থক জসিম উদ্দিন বলেন, ‘বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একরার পরাজিত হওয়ার পর থেকে তিনি ও তাঁর লোকজন আমাদের ওপর কয়েকবার হামলা করেছেন। তিন-চারটি মিথ্যা মামলা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ওইদিন সন্ধ্যায় একরারের নেতৃত্বে তাঁর লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। আমি এ সময় বাড়িতে ছিলাম না। এসে দেখি তাঁদের গুলিতে আমাদের চারজন লোক গুলিবিদ্ধ ও আরও কয়েকজন আহত হয়েছেন।’কুলঞ্জ ইউপির চেয়ারম্যান আবদুল আহাদ মিয়া বলেন, ইউপি নির্বাচন থেকেই তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আগেও কয়েকবার তাঁদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।দিরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।