দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ পাঁচজন আহত
সুনামগঞ্জের দিরাইয়ে জমির দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে খাদিজা বেগমকে (৬২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত শুক্রবার সন্ধ্যায় কয়েক ব্যক্তি পৌর শহরের বাগবাড়ী এলাকায় জহুর আহমদের জমি দখলের চেষ্টা চালান। তাতে বাধা দিতে গেলে জহুর, তাঁর শাশুড়ি খাদিজা বেগম, স্ত্রী, স্ত্রীর বোন ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। জহুরের ছেলে সালেহ আহমেদ বলেন, ‘আমরা ক্রয়সূত্রে এই জমির মালিক। এলাকার কয়েকজন লোক জায়গাটি দখল করতে চান। এ ব্যাপারে আদালতে মামলা চলছে। কিন্তু শুক্রবার কয়েকজন লোক আমাদের জায়গা দখল করতে আসেন। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করা হয়।’দিরাই থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় মনির মিয়া, সিপন মিয়া, হান্নান ও ময়না মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।