দিরাইয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একই স্থানে একই দিনে বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইট ও পাথর ছোড়াছুড়ি হয়। পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।বিএনপি সূত্রে জানা যায়, আগামী শনিবার দিরাই পৌর শহরের থানা রোডের রেন্ট্রিতলায় বেলা ১১টায় নাছির পক্ষ সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে আসপিয়া পক্ষ একই দিনে, একই সময়ে একই স্থান থেকে ১০ হাত দূরে জাকারিয়া ম্যানশনের সামনে সমাবেশ আহ্বান করেছে। এ নিয়ে গতকাল বিকেল তিনটার দিকে আসপিয়া পক্ষ যুবদলের ব্যানারে সমাবেশ সফল করার জন্য মাইকিং করে বিএনপির কার্যালয়ের সামনে এলে নাছির পক্ষ বাধা দেয়।এ ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি (নাছির পক্ষ) মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘উপজেলা বিএনপি আগামী শনিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন দাবিতে দিরাই শহরে সমাবেশের আয়োজন করেছে। যুবদল, ছাত্রদলসহ আমরা সবাই সমাবেশ সফল করতে প্রচার চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে কে বা কারা উপজেলা যুবদলের নামে একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দিয়েছে, সেটা দিরাইয়ের যুবদল জানে না।’ উপজেলা যুবদলের আহ্বায়ক (আসপিয়া পক্ষ) হুমায়ুন কবির তালুকদার বলেন, ‘আগামী ১১ অক্টোবর সিলেটের বিএনপির সমাবেশ সফল করতে ৬ থেকে ১০ অক্টোবর দিরাইয়ে আমরা প্রচার, মিছিল ও সমাবেশের আয়োজন করেছি। এর অংশ হিসেবে আগামী শনিবার বেলা ১১টায় জাকারিয়া ম্যানশনের সামনে সমাবেশ হবে। এই দিন বিএনপির কোনো সমাবেশ আছে বলে আমাদের জানা নেই। আমরা প্রশাসনের অনুমতি নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি। তারা (নাছির পক্ষ) আমাদের প্রচারে বাধা দিয়েছে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আগামী শনিবার রেন্ট্রিতলায় সমাবেশ ডেকেছি। এতে বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। হঠাৎ করে যুবদলের মাইকিং শুনে আমরা হতবাক হয়েছি। যারা যুবদলের মাইকিং করেছে, তাদের সঙ্গে দিরাই বিএনপি, যুবদলের কোনো সম্পর্ক নেই।’ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার খান তিনটি ফাঁকা গুলি ছোড়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত।উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক বলেন, কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া হবে না। আমি উভয় পক্ষকে বলেছি, প্রয়োজনে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।’