দিরাইয়ে বিএনপির সমাবেশে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে গতকাল সোমবার বিএনপির সমাবেশে দলের বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুজন আহত হন। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মঞ্চে উঠতে দেননি প্রতিপক্ষের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে সরকারি দলের ষড়যন্ত্র ও দলীয় নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে দিরাই উপজেলা সদরের রেইনট্রি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। বিকেল সোয়া চারটায় জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ও সাধারণ সম্পাদক রফিক চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে যায়। এ সময় নেতারা মঞ্চে উঠতে চাইলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এর পরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে রফিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক ও রণজিৎ সরকার নামের দুই ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে ওমর ফারুকের মাথা ফেটে যায়। পরে পুলিশ ফজুলল হক ও রফিক চোধুরীকে একটি কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। সমাবেশ শেষ হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। ওমর ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ফজুলল হক প্রথম আলোকে বলেন, ‘তাদের (অন্য পক্ষের) মূল উদ্দেশ্য ছিল একটা গণ্ডগোল পাকানো। আমরা যাতে মঞ্চে উঠতে না পারি, সে জন্য পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।’অন্য পক্ষের নেতা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে কারা হামলা চালিয়ে ভণ্ডুল করতে চেয়েছিল, আমরা সেটা কেন্দ্রীয় নেতাকে দেখিয়েছি। এরা আসলে আওয়ামী লীগের দালাল। তাদের সেই চেষ্টা সফল হয়নি।’মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগের সহায়তায় যারা সমাবেশ বানচাল করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের চেয়ারপারসনকে সব জানানো হবে।’ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষ এড়াতেই আমরা দুই নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই। পরিস্থিতি শান্ত আছে।’