দিরাইয়ে ভোটকেন্দ্র দখল, হাতাহাতি?
ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্রে হাতাহাতির ঘটনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।
দিরাই পৌর সদরের চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাটিয়াপুর কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। টুকদিরাই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ওদুদ নামের একজনকে আটক করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি-সমর্থিত প্রার্থীর মুখপাত্র আনোয়ার হোসেন চৌধুরী দুপুরে সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নিজ গ্রাম চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
চণ্ডীপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সরওয়ার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত (বেলা ১১টা ৪৪ মিনিট) দুই হাজার ৩৪৪ ভোটের মধ্যে প্রায় ৬০০ ভোট পড়েছে। বিএনপি-সমর্থিত প্রাথৃীর এজেন্ট নেই কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো প্রার্থীর এজেন্ট না থাকলে তো আমার কিছু করার নেই।’ তবে বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।