দিরাইয়ে লোক উত্সবের প্রস্তুতি নেই, কমিটির সভাপতির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাইয়ে ২৯ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী আবদুল করিম-হাসন রাজা-রাধারমণ লোক উত্সবের প্রস্তুতি গতকাল মঙ্গলবার পর্যন্ত সম্পন্ন হয়নি। উত্সব উদ্যাপন কমিটির সভাপতি দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস গত সোমবার পদত্যাগ করেছেন।সোমবার দুপুর ১২টার দিকে আবদুল কুদ্দুস বিএনপির কার্যালয়ে কর্মিসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লোক উত্সব থেকে তাঁর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘উপজেলা পরিষদের সভায় যে সিদ্ধান্ত হয়েছিল, সে সিদ্ধান্ত পরিবর্তন করে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের না জানিয়ে একাই উত্সবে নিজ দলের লোকদের দাওয়াত করেন। তিনি মুখে সর্বদলীয় লোক উত্সবের কথা বললেও বিএনপিসহ অন্য কোনো দলের কাউকে অতিথি করেননি। এ জন্য উদ্যাপন কমিটির সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করছি।’ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি সবাইকে নিয়ে উত্সব করতে চাই। কেউ যদি পিছিয়ে যায়, তাহলে এ ব্যাপারে আমার সিদ্ধান্ত পরে জানাব।’উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লোক উত্সবের আয়োজনে ১৪ জানুয়ারি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এক সাধারণ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সভায় আবদুল কুদ্দুসকে সভাপতি ও ইউএনও সামছুল হককে সদস্যসচিব করে উত্সব উদ্যাপন কমিটি গঠন করা হয়।