দিরাইয়ে শিক্ষাতরির উদ্বোধন করলেন কাতারের ফার্স্ট লেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের পাশে কালনী নদীতে গতকাল সোমবার ব্র্যাকের ভাসমান শিক্ষাতরির উদ্বোধন করেছেন কাতারের ফার্স্ট লেডি শেখাহ মোজাহ বিনতে নাসের আল মিসনাদ। উপজেলা প্রশাসন ও ব্র্যাক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দিরাই বালুর মাঠে অবতরণ করেন ফার্স্ট লেডি। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বালুর মাঠ থেকে মোটর শোভাযাত্রাসহ পৌর শহরের পশ্চিম চণ্ডীপুর গ্রামে পৌঁছান তিনি। দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান ফার্স্ট লেডিকে অভ্যর্থনা জানান। সেখানে তিনি ৪০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি শিক্ষাতরির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার দাস, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, এডিসি খন্দকার অলিউর রহমানসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্র্যাকের কর্মকর্তারা। সংবাদ সংগ্রহে বাধা: ফার্স্ট লেডির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন গণমাধ্যমের কর্মীরা। দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের ছবি তুলতে ও তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়েছে, যা দুঃখজনক।’