দিরাইয়ে সংঘর্ষে শতাধিক আহত
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর শহরে দুই এলাকার বাসিন্দার মধ্যে গতকাল রোববার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের রাধানগর এলাকার ইমন ও আয়লাবাজ এলাকার রিপনের মধ্যে বাজারে ভ্যানে ওঠা নিয়ে শুক্রবার বিকেলে কথাকাটাকাটি ও পরে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল রোববার সকালে আয়লাবাজের লোকজন বাজারে একা পেয়ে রাধানগর গ্রামের আব্দুছ ছাত্তারকে বেধড়ক মারধর করে। আব্দুছ ছাত্তারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পেয়ে দুপুরে রাধানগর এলাকার লোকজন সংগঠিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আয়লাবাজ এলাকার বাসিন্দাদের ওপর হামলা চালায়। এরপর দুই পক্ষে দফায় দফায় বিকেল চারটা পর্যন্ত সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নারীসহ শতাধিক লোক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে ২১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা হলেন বেলাল মিয়া, মোজাক্কির আলী, রাজন মিয়া, রাইজুল হক, জোছনা বেগম, আকলিমা বেগম, মনফর আলী, আব্দুল হেকিম, হেলাল মিয়া, আব্দুল মোত্তালিব, আহমদ নূর, সাফিয়া খাতুন, রাফিয়া বেগম, আব্দুল হামিদ, মোশাহিদ আলী, আমিনা বেগম, শিপন আহমদ, আয়মনা বেগম, সওদাগর মিয়া, মাহবুব আলম ও আরিফ আহমদ। অন্য যাঁরা আহত হয়েছেন তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।