দিরাইয়ে সুরঞ্জিতের স্মরণসভা অনুষ্ঠিত
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে গতকাল সোমবার সুনামগঞ্জের দিরাই পৌর শহরে পৃথক শোক র্যালি ও সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ আয়োজন করে।
বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে শহরে শোক র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে স্মরণসভা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে দিরাই শহরে শোক র্যালি ও স্মরণসভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। দিরাই গণমিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার দাস, কানাইলাল রায়, করুণা সিন্ধু দাস, সামছুল হক প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরদিন দিরাই পৌর শহরে থানা রোডের নিজ বাড়ির প্রাঙ্গণে তাঁর মরদেহ দাহ করা হয়।