দিরাইয়ে সেটেলমেন্ট কার্যালয়ে ভাঙচুর, জরিপকারীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভূমি সেটেলমেন্ট কার্যালয়ের জরিপকারীকে (সার্ভেয়ার) তাঁর কক্ষে ঢুকে মারধর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে ওই কক্ষের আসবাব। চাঁদা না পেয়ে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।সেটেলমেন্ট কার্যালয় সূত্রের ভাষ্য, গতকাল বেলা দুইটার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়সহ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সেটেলমেন্ট কার্যালয়ে যান। তাঁরা দাবি করেন, গত ২৬ জুলাই দিরাইয়ে অনুষ্ঠিত কর্মিসভার অনেক ব্যয় হয়েছে। এ জন্য চাঁদা দিতে হবে। এ সময় জরিপকারী ইকবাল হোসেন তা দিতে অস্বীকার করলে যুবলীগের কর্মী মকসুদ আলী তাঁকে ধাক্কা মারেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে যুবলীগের নেতা-কর্মীরা ইকবালকে মারধর ও আসবাব ভাঙচুর করেন।ইকবাল হোসেন বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় যুবলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন।উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি দপ্তরে ছিলাম না। সার্ভেয়ারকে মারধর ও আসবাব ভাঙচুরের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’অভিযোগ অস্বীকার করে রঞ্জন রায় বলেন, ‘দলীয় এক কর্মীর কাজে আমরা সেখানে গিয়েছিলাম। একসময় আমাদের কর্মী মকসুদ জরিপকারী ইকবালকে ডেকে বাইরে নেন। পরে দেখি তাঁরা হাতাহাতি করছেন। কিন্তু আমরা কাউকে মারধর বা ভাঙচুর করিনি।’