দিরাইয়ে সড়ক সংস্কারের দাবিতে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং ও ইট-সুরকি উঠে গিয়ে ছোটবড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাধ্য হয়ে সড়ক সংস্কারের দাবিতে দিরাইয়ে যানবাহনগুলোর চালকদের চারটি সংগঠন গতকাল রোববার সকাল ছয়টা থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখে। দিরাই রিকশাচালক সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘আমরা চারটি সংগঠন লেগুনা-সিএনজিচালক সমিতি, রিকশাচালক, টমটমচালক ও অটোরিকশাচালক সমিতির নেতারা ঐক্যবদ্ধ হয়ে আজ (রোববার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শ্যামারচর সড়কে সব যান চলাচল বন্ধ রেখেছি। দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু না করলে আমরা কঠোর কর্মসূচি দেব।’উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকিক আহমদ বলেন, ‘শ্যামারচর সড়কের ভরারগাঁও থেকে চকবাজার ও হরনগর থেকে কল্লানি পর্যন্ত ছোটবড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি বিষয়টি বারবার উপজেলা সমন্বয় সভায় উত্থাপন করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিরাই উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, দিরাই-শ্যামারচর সড়ক মেরামতের কাজ করবে বিশ্বব্যাংক। আগামী নভেম্বর মাস থেকে তারা কাজ শুরু করবে। তিনি বলেন, ‘গত শনিবার থেকে সড়কের খানাখন্দ ইট-সুরকি দিয়ে ভরাটের কাজ চলছে।’