দিরাইয়ে ১০ গ্রামের মানুষ চিকিৎসাবঞ্চিত
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র প্রায় চার বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এতে ওই এলাকার অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৮ সালের এপ্রিলে ঘূর্ণিঝড়ে দুটি কেন্দ্রের টিনের ছাউনি উড়ে যায় এবং দালানের একাধিক স্থানে ফাটল ধরে। উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন এমএলএসএস রয়েছেন। কিন্তু চিকিৎসা কর্মকর্তারা কর্মস্থলে আসেন না। এমএলএসএস মাঝেমধ্যে কেন্দ্রের অদূরে চেয়ার-টেবিল পেতে রোগী দেখেন। ফলে কলেরা, ডায়রিয়া, জ্বর এবং মা ও শিশুস্বাস্থ্যসেবাসহ প্রাথমিক চিকিৎসা নিতে হলেও আশপাশের গ্রামের বাসিন্দাদের প্রায় ২০-২২ মাইল দূরে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। এতে তাদের ভোগান্তির সীমা থাকে না। ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য পারভীন ইসলাম প্রথম আলোকে বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রের পাশেই মা ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। সম্প্রতি এই কেন্দ্রে একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তিনিও নিয়মিত আসেন না। এ ছাড়া কেন্দ্রটিতে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া, একজন নৈশপ্রহরীর পদ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই কেন্দ্রটিও পরিত্যক্ত অবস্থায় আছে। এতে এলাকার প্রসূতি ও শিশুদের স্বাস্থ্যসেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাটিপাড়া ইউপির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ কেন্দ্র দুটি দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। আমি উপজেলার মাসিক সমন্বয় সভায় বারবার উত্থাপনের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।’ ওই পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘এখানে এসে বসার মতো পরিবেশ নেই। ভবন, আসবাব কিছুই নেই।’অবকাঠামো উন্নয়নের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও আজ পর্যন্ত সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মনোরঞ্জন দাস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোশ দাস বলেন, ‘ভাটিপাড়া উপস্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি মেরামতের কাজ যে ঠিকাদার পেয়েছেন, তিনি কাজ করছেন না। কেন করছেন না, তা আমি জানি না। উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য একজন নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন।’ উপজেলা নির্বাহী প্রকৌশলী ইফতেখার আহমদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।’