দিরাইয়ে ২০ হাজার একরের ফসল পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় কুমারখালী নদীর দুটি বাঁধ ভেঙে নলুয়ার হাওর ও জোয়ালভাঙ্গার হাওরের ২০ হাজার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। সুরমা, কুমারখালী, দাড়াইন ও কালনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দিরাই ও শাল্লার প্রতিটি হাওর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। হাওর উন্নয়ন কমিটির সভাপতি নাজির উদ্দিন বলেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী মাটি না কাটায় সাধারণ বৃষ্টিপাতেই এই দুই বাঁধে ফাটল ধরেছে। নলুয়ার হাওর পাড়ের বাসিন্দা মুতাহির মিয়া ও ইসমাইল মিয়া বলেন, ‘সরকারের উদাসীনতার কারণে আমাদের চোখের সামনে নলোয়ার হাওর ও জোয়ালভাঙ্গার হাওরের প্রায় ২০ হাজার একর জমি পানির নিচে তলিয়ে গেল। আমরা এখন কী খাব?’ দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক প্রথম আলোকে বলেন, ‘চাপতির হাওরে স্লুইসগেট দিয়ে পানি ঢোকার খবর আমরা পেয়েছি। বৈশাখীর বাঁধে ঠিকাদারেরা কোনো মাটি কাটেননি। তাঁরা মাটি কাটার নামে লোকোচুরি করে চলে গেছেন।’ তাহিরপুরে ৭০০ একর: উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঁচটি হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ৫০০ একরের বোরো ধান ও ২০০ একরের বাদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরগুলো হলো দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লতিফপুর হাওর, উত্তর শ্রীপুর ইউনিয়নের ঘনিয়াকুড়ি, সন্ন্যাসীর হাওর, মৃতুয়ারডোবা এবং দক্ষিণ বড়দল ইউনিয়নের লোবার হাওর।তাহিরপুরের ইউএনও মাহমুদুর রহমান গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, বর্তমানে তিনি শনির হাওরের সাহেবনগর বাঁধে রয়েছেন। উপজেলার সব কয়টি হাওরের বাঁধই ঝুঁকিপূর্ণ। কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন বাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।