দিলকুশার জমির দখল নিয়ে খুন হন যুবদল নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দিলকুশা এলাকায় ৩২ কাঠা জমির অবৈধ দখল নিয়ে বিরোধের জের ধরে খুন হন ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শহীদ মোল্লা। প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কাজী ওহাব ও মোবারক হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান।ওহাব ও মোবারককে গত সোমবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।জানা যায়, ১০ জানুয়ারি সকালে মতিঝিল এলাকার প্যাসিফিক হোটেলের সামনে সন্ত্রাসীরা শহীদ মোল্লাকে গুলি করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মাজেদা বেগম মতিঝিল থানায় মামলা করেছেন। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, শহীদ মোল্লার পরিবার পুলিশকে জানায়, জমি দখল নিয়ে একটি পক্ষ তাঁকে আগেও হুমকি দিয়েছিল। এ ঘটনায় তাঁর ভাই থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।এ ঘটনার অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জানতে পারে, মতিঝিলে জনতা ব্যাংক ভবনের ঠিক পেছনেই ৩২ কাঠা জমি আছে। এ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহীদ মোল্লা লোকজন নিয়ে এ জায়গা দখল করেন। এর আগে সেখানে দুটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। শহীদ মোল্লা সেখানে নিজে একটি হোটেল করেন। তাঁর ভাইকেও একটি দোকান করে দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিপক্ষের লোকজন জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। তারা কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তারা শহীদ মোল্লাকে খুনের পরিকল্পনা করে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম রফিকুল ইসলাম জানান, শহীদ মোল্লাকে খুন করতে মোবারককে ভাড়া করে একটি পক্ষ। মাত্র ৪০ হাজার টাকায় তাঁর সঙ্গে চুক্তি হয়। তিনি হত্যাকাণ্ডের জন্য বাকি লোকদের সঙ্গে যোগাযোগ করেন।কারা ভাড়া করেছিল জানতে চাইলে মোবারক জানান, একজন ‘বড় ভাই’ এ খুনের দায়িত্ব নেন। এরপর তিনি লোক জোগাড় করেন। তিন দিন আগে তাঁদের পরিকল্পনা হয়। সেই মতো শহীদ মোল্লাকে খুন করেন তাঁরা। ওহাব বলেন, তাঁর বাচ্চার স্কুলের খরচ ছিল না। এ কারণে তিনি এ কাজে রাজি হয়ে যান। তবে খুনের পর আর টাকা পাননি।মোবারক বলেন, ঘটনার দিন তাঁর দায়িত্ব ছিল শহীদ মোল্লাকে চিনিয়ে দেওয়া। তিনি লোকটিকে চিনিয়ে দিয়ে চলে যান। এরপর ওহাব ও অন্যরা খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করে। সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, এই ‘বড় ভাই’কে তাঁরা চিহ্নিত করেছেন। তবে গ্রেপ্তারের আগে তাঁর নাম প্রকাশ করতে রাজি হননি। বড় ভাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা বলে তিনি জানান।