দিলীপ বড়ুয়া যে কারণে মন্ত্রী
শেখ হাসিনা তাঁর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে দিলীপ বড়ুয়াকে কম হুমকি বলে মনে করেছিলেন। এ কারণেই বাম রাজনৈতিক দলগুলোর অনেক জ্যেষ্ঠ নেতাকে বাদ দিয়ে তিনি দিলীপ বড়ুয়াকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় এমনটিই উল্লেখ করেছিলেন। গত ৩০ আগস্ট উইকিলিকস এ তারবার্তাটি ফাঁস করে।২০০৯ সালের ৯ মার্চ জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার প্রসঙ্গটি উল্লেখ করেন। ‘যোগ্যতা ও অভিজ্ঞতায় শেখ হাসিনার মন্ত্রিসভায় পাঁচমিশালি ভাব আছে’ শিরোনামের ওই তারবার্তায় তিনি উল্লেখ করেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাঁর কাছে স্বীকার করেছেন, তিনি মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজ সম্পর্কে এখনো দক্ষতা অর্জনের চেষ্টা করছেন। দিলীপ বড়ুয়াকে মন্ত্রী করার নেপথ্যে আরও একটি কারণের কথা উল্লেখ করে মরিয়ার্টি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দিলীপ বড়ুয়া আওয়ামী লীগের একজন প্রার্থীকে তাঁর নিজ আসন ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে মহাজোট সরকার গঠন করার পর তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়।