দিলু রোডের কিছু অংশে তিন দিন পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলু রোডের বড় একটি অংশে তিন দিন ধরে পানি নেই। রাস্তার প্রান্তসীমার (পকেট এলাকা) বাড়িগুলোতে অন্তত ১০ দিন ধরে কলে পানি কম আসছে। তবে ওয়াসা দাবি করেছে, পানির সমস্যা কমিয়ে আনতে আরও তিন-চার দিন সময় লাগবে।
দিলু রোডের মতো মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
দিলু রোডের কাছে ঢাকা ওয়াসার গভীর নলকূপে পানির উৎপাদন ক্ষমতা অনেক কমে যাওয়ায় এলাকার অনেক বাড়িতে সংকট বলে জানিয়েছেন ওয়াসার কর্মকর্তারা। সেখানে অপর একটি পাম্পের লাইন যুক্ত থাকায় কিছু বাড়িতে পানি যাচ্ছে।
দিলু রোডে মাদ্রাসার পার্শ্ববর্তী কয়েকটি বাড়ির বাসিন্দারা অভিযোগ করেন, ১০ দিন আগে থেকেই তাঁরা পানির কষ্টে আছেন। গত তিন দিন পানি প্রায় নেই বললেই চলে। আবদুর সবুর নামের এক বাসিন্দা বলেন, রোববার গভীর রাতে সামান্য পানি এসেছিল। কিছু পানি ধরে রেখে গতকাল সকালে গৃহস্থালির কাজ সেরেছেন। এক দম্পতি জানান, তাঁরা দুপুর পর্যন্ত অপেক্ষা করেছেন, যদি পানি আসে। কিন্তু পানি না আসায় নাওয়া-খাওয়া হয়নি। বাইরে গিয়ে দুপুরের খাবার খেয়েছেন। অপর একজন বাসিন্দা বলেন, পানির গাড়ির জন্য ওয়াসার সংশ্লিষ্ট বিভাগে বলেছেন, কিন্তু রাস্তা সরু, তাই গাড়ি যেতে পারবে না বলে তাঁকে জানানো হয়েছে। অবশ্য বিকেলে ট্রলির ব্যবস্থা করা হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, দিলু রোডের পাশের একটি পানির পাম্পের উৎপাদন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ কমে গেছে। এ জন্য এলাকায় পানির সংকট চলছে। ওয়াসা চেষ্টা করছে উৎপাদন বাড়াতে। আশা করা যায়, তিন-চার দিনের মধ্যে পূর্ণমাত্রায় না হলেও উৎপাদন বাড়ানো সম্ভব হবে।
মিরপুরের ১৪ নম্বর সেকশন, কাফরুল, ইব্রাহিমপুর এলাকায় পানির সমস্যার কথা জানিয়েছেন এলাকাবাসী। ১৪ নম্বর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অ্যাপার্টমেন্ট কলোনির বাসিন্দারা জানান, ১০-১২ দিন ধরে পানির সমস্যা। বেশির ভাগ সময় কলে পানি আসে না। ১২/বি ভবনের বাসিন্দা প্রান্ত রহমান জানান, দিনে পানি এলে আধা ঘণ্টার বেশি থাকে না।
বউবাজার এলাকার ব্যবসায়ী মামুনুর রশীদ রসিদ বলেন, ইব্রাহিমপুরে তিনি যে বাড়িতে থাকেন, সেখানে মোটর দিয়ে না টানলে পানি আসে না। কয়েক দিন ধরে তাতেও কাজ হচ্ছে না।