দিল্লি ও কলকাতায় ফ্লাইট বাড়াল বিমান
ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা পথে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এখন থেকে সপ্তাহে ঢাকা-দিল্লি পথে পাঁচটি ও ঢাকা–কলকাতা পথে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এয়ার বাবল চুক্তির আওতায় পরিচালনা করা হবে এসব ফ্লাইট।
রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতা গন্তব্যে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-দিল্লি গন্তব্যে প্রতি বুধ, বৃহস্পতিবার, শনি, রবি ও সোমবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতার উদ্দেশে ও কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১১টায় দিল্লির উদ্দেশে ও দিল্লি থেকে স্থানীয় সময় বেলা দুইটায় ঢাকার উদ্দেশে বিমান ফ্লাইট যাত্রা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় গত ৫ সেপ্টেম্বর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। বিমান গত ৭ ও ৮ সেপ্টেম্বর হতে ঢাকা থেকে যথাক্রমে কলকাতা ও দিল্লি গন্তব্যে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। আর ১৯ অক্টোবর থেকে গন্তব্যগুলোতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।
বিমান জানিয়েছে, ১০ বছরের কম বয়সীরা ছাড়া অন্য সব যাত্রীকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের আরেকবার করোনা পরীক্ষা (মলিকুলার টেস্ট) করাতে হবে।