দিল্লি থেকে বেরোল মোদিকে নিয়ে সামছুল আরেফিনের বই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা বাংলাদেশের বিশিষ্ট লেখক ও স্বাধীনতা সংগ্রামী এ এস এম সামছুল আরেফিনের বই ‘মোদি-হুইলস অব চেঞ্জ’ গতকাল সোমবার প্রকাশিত হলো দিল্লি আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশ করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় পাথেয় হলো সে দেশের নেতৃত্বকে জানা ও বোঝা। সেদিক থেকে ভারতের প্রধানমন্ত্রী ও তাঁর কাজের চিন্তাধারাকে জানতে ও বুঝতে সাহায্য করবে এই বইটি।
সামছুল আরেফিন এর আগে ভারতের নির্বাচন ও প্রশাসন নিয়েও একটি বই লিখেছেন। সেদিক দিয়ে ভারতের ওপর এটি তাঁর দ্বিতীয় বই।
হঠাৎ কেন নরেন্দ্র মোদিকে নিয়ে বই লেখার আগ্রহ, তার ব্যাখ্যা করে প্রথম আলোকে সামছুল আরেফিন বলেন, ভারতের লোকসভা নির্বাচনকে আমি খুব কাছ থেকে দেখছি। লোকসভার গত ভোটের সময় দুই মাস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। তখনই মনে হয়েছিল, দীর্ঘ ৩০ বছর পর ভারতে আবার একদলীয় শাসন কায়েম হতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। তখন থেকেই মোদির কাজ ও কর্মসূচির ওপর নজর রাখা শুরু। এই বইয়ে ভারতের প্রধানমন্ত্রীর কোনো মূল্যায়ন করা হয়নি। বিভিন্ন তথ্য, ভাষণ, কর্মসূচি, মোদিকে নিয়ে লেখা বিভিন্ন নিবন্ধ লিপিবদ্ধ করা হয়েছে।
শামছুল আরেফিন বলেন, মোদির সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচি এবং তারপর প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য ঘটনাবলি, তাঁর বিদেশ নীতির বিভিন্ন দিক এই বইয়ে স্থান পেয়েছে। ভারতীয় সাংবাদিক সুমিত চক্রবর্তী এই অনুষ্ঠানে বলেন, লেখক ভারতের অকৃত্রিম বন্ধু। দুই দেশের বন্ধুতা প্রসার ও পারস্পরিক জানা-বোঝার ক্ষেত্রে এই ধরনের বই উপযোগী।
বইটি প্রকাশ করেছে কলকাতার ‘বিইই বুকস’। প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ভারত-বাংলাদেশ মৈত্রীকে লেখক বইটি উৎসর্গ করেছেন।