দিল্লিকে নিয়েই গঙ্গা ব্যারাজ করতে চায় ঢাকা

এক দশকের বেশি আগে থেকে গঙ্গা ব্যারাজ নিয়ে ভারত কথা বলা বন্ধ রেখেছে। ২০০১ সালের পর থেকে আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, যৌথ নদী কমিশনের বিভিন্ন পর্যায়ের বৈঠকের ফাঁকেও এ প্রসঙ্গ নিয়ে দেশটি কথা বলত না। বছর দুয়েক ধরে ভারতের অবস্থান পাল্টেছে।
এ প্রকল্প বাস্তবায়িত হলে সে দেশে নেতিবাচক প্রভাবের কথাও ভারত বলছে। এ পরিস্থিতিতে ভারতের উদ্বেগ যে অমূলক, তা বুঝিয়ে এখন ভারতকে নিয়েই গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় যৌথ ঘোষণায় এ নিয়ে ইতিবাচক ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
তবে ভারতের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনার আলোচনা প্রক্রিয়ায় যুক্ত বাংলাদেশের কর্মকর্তারা মনে করেন, ভারত এ প্রকল্প নিয়ে তাদের উদ্বেগের কথা জানালেও সরকার এখন তাদের নিয়েই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ প্রকল্পে ইতিমধ্যে চীন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
বি শ্বব্যাংকও আগ্রহী, কিন্তু উজানের দেশ ভারতের সম্মতি না পেলে তাতে অর্থায়ন করবে না সংস্থাটি।
গত সেপ্টেম্বরে দিল্লি সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে দেখা করেন। আলোচনায় এ প্রকল্পে ভারতের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গঙ্গা ব্যারাজ নিয়ে ভারতের উদ্বেগের কারণ হচ্ছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তাদের অংশে বিশেষ করে পশ্চিমবঙ্গের একাংশ প্লাবিত হওয়ার পাশাপাশি পলি জমতে পারে।
জানতে চাইলে পানিসম্পদ সচিব জাফর আহম্মদ খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘গঙ্গা ব্যারাজের ব্যাপারে ভারতের উদ্বেগ যে ঠিক নয়, তা গত মাসে কারিগরি কমিটির প্রতিবেদন পাঠিয়ে তাদের নিশ্চিত করা হয়েছে। নিকট-প্রতিবেশী ও উজানের দেশ বলে, ভারতকে নিয়েই আমরা বৃহদায়তনের এ প্রকল্প বাস্তবায়ন করতে চাই। ভারত যুক্ত হলে এটি বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে।’
ভারতের আগেই চীন এ প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। চীনের একটি সরকারি প্রতিষ্ঠান সমীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। এ অবস্থায় ভারত যুক্ত হলে এর ভবিষ্যৎ কী হবে, জানতে চাইলে জাফর আহম্মদ খান বলেন, এটি অনেক বড় প্রকল্প বলে কনসোর্টিয়াম করে সরকার এটি বাস্তবায়নে আগ্রহী। তাই বিভিন্ন দেশ ও সংস্থাকে যুক্ত করার চেষ্টা রয়েছে। প্রাথমিকভাবে এ প্রকল্প নির্মাণে ৪০০ কোটি ডলার খরচ হবে।
চীনের চ্যাংজিয়াং সার্ভে, প্ল্যানিং, ডিজাইন ও রিসার্চের (সিএসপিডিআর) সঙ্গে গঙ্গা ব্যারাজের পরিকল্পনা ও অর্থায়নের জন্য পানি উন্নয়ন বোর্ড ২০১৩ সালে একটি সমঝোতা স্মারক সই করে। এ ছাড়া শিনোহাইড্রোসহ চীনের আরও দুটি প্রতিষ্ঠান গঙ্গা ব্যারাজ প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ দেখিয়েছে।
প্রকল্পের বর্ণনা: ১৯৭৫ সালে ভারত গঙ্গার উজানে ফারাক্কায় ব্যারাজ নির্মাণের পর বাংলাদেশের কৃষি ও মৎস্য চাষ, বন, নৌ চলাচল, গৃহস্থালির কাজে ব্যবহৃত পানির ব্যবহার ও বিভিন্ন শিল্পের প্রসার দারুণভাবে ব্যাহত হয়। গঙ্গায় পানি প্রবাহ কমে যাওয়ায় শুকনো মৌসুমে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুন্দরবন মারাত্মক হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বড় জেলাগুলোতে সমন্বিত উপায়ে গঙ্গার পানি ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে একটি ব্যারাজ তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়।
গঙ্গা ব্যারাজ প্রকল্প এলাকার পূর্বে পদ্মা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তরে রাজশাহী বিভাগের আংশিক এলাকা ধরা হয়েছে। ১৯৯৬ সালে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের জন্য গঙ্গা ব্যারাজ তৈরির সুযোগ করে দেয়।
সরকার গঙ্গা ব্যারাজ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও পূর্ণাঙ্গ নকশা তৈরির জন্য দেশীয় প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেডের (ডিডিসি) সঙ্গে ২০০৯ সালে একটি চুক্তি সই করে। গত বছর ডিডিসি কাজটি শেষ করেছে।
সমীক্ষা শেষে বলা হয়েছে, গঙ্গা ব্যারাজের দৈর্ঘ্য হবে ২ দশমিক ১ কিলোমিটার। প্রকল্পে ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি ধারণযোগ্য জলাধার তৈরি করা হবে। রাজবাড়ীর পাংশা থেকে ভারত সীমান্তের পাংখা পর্যন্ত বিস্তৃত জলাধারের দৈর্ঘ্য হবে ১৬৫ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই এলাকায় জলাধারের পানি বিভিন্ন মৌসুমে সেচ, মৎস্য সম্পদ সংরক্ষণ, অব্যাহত নৌপরিবহন এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। প্রকল্প এলাকায় বছরে ২৫ লাখ টন অতিরিক্ত ধান উৎপন্ন হবে, প্রায় ১০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা হবে, বছরে মাছ উৎপাদন হবে প্রায় আড়াই লাখ টন। পুরো প্রকল্প সাত বছরে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।