দিল্লিতে আজ বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক শেষ হবে ১২ মার্চ। এবারের বৈঠকে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বিডিআর সূত্র জানায়, বিএসএফ কর্তৃক সীমান্তে গুলিবর্ষণ এবং অপদখলীয় জমি নিয়ে উত্তেজনার বিষয়টি এবার সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া ভারত থেকে অবৈধ অস্ত্র, সার, মাদকদ্রব্য চোরাচালান নিয়েও আলোচনা হবে। বিডিআরের কর্মকর্তারা জানান, এর আগে সীমান্ত বৈঠকের পর সীমান্তের বেশ কিছু স্থানে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সিলেটের জৈন্তাপুরে বিতর্কিত জমি নিয়ে বিডিআর-বিএসএফ উত্তেজনা দেখা দিলে গত ২ মার্চ মেজর জেনারেল মইনুল সিলেট সীমান্ত পরিদর্শন করেন। তিনি এ জন্য বিএসএফকে দায়ী করে এ সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।গত বছরের সম্মেলনে সীমান্তে গুলি করে নিরীহ মানুষ হত্যা বন্ধে বিএসএফ আশ্বাস দিলেও তা থামেনি। চার দিন আগেও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। গত মাসে পঞ্চগড়ে নিহত হয়েছে অন্তত দুজন। বৈঠকে বাংলাদেশ আলোচনায় এসব প্রসঙ্গ উত্থাপন করবে। একই সঙ্গে সমন্বিত যৌথ সীমান্ত-ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন, বিনা উসকানিতে বিএসএফের গুলিবর্ষণ, বাংলাদেশি নাগরিকদের আটক, অবৈধ পারাপার, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে ভারতের অবকাঠামো নির্মাণ এবং পারস্পরিক আস্থা সৃষ্টির বিষয় নিয়েও আলোচনা করা হবে।অন্যদিকে বিএসএফের আলোচ্যসূচিতে রয়েছে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপরাধ সংঘটন করা, নারী ও শিশু পাচারসহ অবৈধ অভিবাসন, মাদক ও অন্যান্য দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশিদের নির্মাণকাজ। বিডিআর সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।