দিল্লিতে আটক ২৭ জনের মধ্যে একজন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভিসা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ জনকে আটক করা হয়েছে। এই যাত্রীরা ঢাকা থেকে জেট এয়ারওয়েজ এবং কিংফিসার এয়ারলাইনসের বিমানে দিল্লিতে পৌঁছেন।মঙ্গলবার বিকেলের দিকে দুবাই থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে অভিষেক পরিচয় দিয়ে জেট এয়ারওয়েজের দিল্লি কল সেন্টারে টেলিফোন করে জানান, ওই বিমানে দুবাই যাওয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে আসা ১৫ জন যাত্রীর ভিসা জাল। তাঁরা বিমান ছিনতাই করতে পারেন। ওই ব্যক্তি কিংফিসারের পুনের কল অফিসে ফোন করে জানান, তাঁদের বিমানের ১২ জন যাত্রী জাল ভিসা নিয়ে দুবাই যাচ্ছেন। এরপর ওই দুই বিমানের কার্যালয় থেকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এরপর বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ২৭ জনকে আটক করেন।গতকাল বার্তা সংস্থা পিটিআই জানায়, আটক ২৭ ব্যক্তির মধ্যে একজন বাংলাদেশি, বাকিরা ভারতের পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের। দিল্লিতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা রোহিত কাটিয়া জানিয়েছেন, আটক হওয়া ২৭ ব্যক্তির দুবাইয়ের ভিসা জাল।