দিল্লিতে সীমান্ত মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের স্ত্রীদের আয়োজিত বার্ষিক মেলায় প্রথমবারের মতো যোগ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের স্ত্রীদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কাউর এই মেলা উদ্বোধন করবেন। রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের সদর দপ্তরের কাছে ৮ থেকে ১০ নভেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে। বিএসএফ সূত্রে এ কথা জানা গেছে।

বিএসএফের কর্মকর্তাদের স্ত্রীদের সংগঠন বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিডব্লিউডব্লিউএ) আমন্ত্রণে বিজিবির কর্মকর্তাদের স্ত্রীদের সংগঠন সিপকসের প্রতিনিধিদলটির নেতৃত্বে থাকছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।

সূত্র জানায়, ১৫-১৬ বছর ধরে বিএসএফ এই মেলা আয়োজন করে আসছে। বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশির স্ত্রী সুধা যোশি বিডব্লিউডব্লিউএর প্রেসিডেন্ট। বিএসএফের পক্ষ থেকে এই মেলায় অংশ নিতে অনুরোধ করা হয়েছিল সিপকসকে। তিন দিনের এই মেলায় দুই দেশের শাড়ি, হস্তশিল্প, চামড়ার ব্যাগসহ নানা পণ্য প্রদর্শিত হবে। তিন দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হাড়ের ঘনত্ব, চোখ ও রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকছে।
বিএসএফের আইজি অশোক কুমার বলেন, বাংলাদেশের যোগদানের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও বন্ধুতা আরও দৃঢ় হবে।