দিল্লিতেও হবে মঙ্গল শোভাযাত্রা

প্রথমবারের মতো বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ভারতের রাজধানী দিল্লিতে বেরোবে মঙ্গল শোভাযাত্রা। ইতিমধ্যে এর সব প্রস্তুতিই নিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার পয়লা বৈশাখের বিকেলে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে চাণক্যপুরীর প্রবাসী ভারতীয় কেন্দ্র প্রেক্ষাগৃহে। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরো তাঁর সৃষ্টি কালচারাল সেন্টারের শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
পয়লা বৈশাখের দিন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে আসছে, রাজধানী দিল্লিতেও তা কেন করা যায় না? ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্ত্রী তুফা জামান আলীর এই ভাবনা থেকেই এবারের আয়োজন বলে জানা যায়।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা যেমন বর্ণাঢ্য হয়, তেমন বর্ণাঢ্য করতে মুখোশ, মূর্তিসহ বিভিন্ন অনুষঙ্গ দিল্লিতে আনা হচ্ছে। দিল্লিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বাংলাদেশি ছাত্র-ছাত্রী রয়েছেন, তাঁদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলা বর্ষবরণের এই আয়োজনে অংশ নিতে আমন্ত্রণ করা হয়েছে দিল্লির বাঙালিদের বিভিন্ন সংগঠনকেও।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন বলেন, হাইকমিশনের সব কর্মী ও তাদের পরিবার এই অনুষ্ঠানে অংশ নেবেন। ২০১৬ সালে ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। লালনের বিখ্যাত গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই শোভাযাত্রার ‘থিম’। একাত্তরের চেতনা ও অসাম্প্রদায়িকতার বাণী প্রচার মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য।’