দিল্লির কথায় রায় হয়নি: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির পরামর্শে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর মামলার রায় গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ এ মন্তব্য করেন। অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন ‘আতঙ্কের জনপদ: বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সকালে নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণা করার তারিখ ধার্য ছিল৷ তিনি অসুস্থ হয়ে পড়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল৷
এ প্রসঙ্গে জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপির নেতা হান্নান শাহ বলেন, ‘আজ রায় দেওয়া হবে না। ন্যাচারালি মনে প্রশ্ন জাগে, কেন রায় দেওয়া হবে না? ঠিকই আজ রায় হতো, কিন্তু নয়াদিল্লি থেকে খবর এসেছে, আজ রায় দেওয়া যাবে না। কারণ, কাল (আজ বুধবার) ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। রায়ের প্রতিবাদে যদি হরতাল হয়, তাহলে জনগণের এত বড় বন্ধু, জনগণ আপনাদের সাথে আছে—এ বেলুনটি কিন্তু ফুটো হয়ে যাবে।’
দিল্লির কাছ থেকে এ খবর যে এসেছে তা হান্নান শাহ তাঁর এক বন্ধুর কাছে শুনেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।