দিল্লির কথায় নিজামীর রায় হয়নি: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ স ম হান্নান শাহ।
আ স ম হান্নান শাহ।

দিল্লির পরামর্শে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর রায় আজ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ এ মন্তব্য করেন। অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন ‘আতঙ্কের জনপদ: বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।

আজ সকালে জামায়াতের শীর্ষ নেতা নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর। তবে তিনি ‘অসুস্থ’ থাকায় রায় ঘোষণা অপেক্ষমাণ রাখার ঘোষণা দেওয়া হয়।

আদালতের এমন ঘোষণার পর জামায়াতের রাজনৈতিক মিত্র বিএনপির নেতা হান্নান শাহ বলেন, ‘আজকে রায় দেয়া হবে না। ন্যাচরালি মনে প্রশ্ন জাগে, কেন রায় দেয়া হবে না? ঠিকই আজকে রায় হতো, কিন্তু নয়াদিল্লি থেকে খবর এসেছে, আজকে রায় দেওয়া যাবে না। কারণ কাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। রায়ের প্রতিবাদে যদি হরতাল হয়, তাহলে জনগণের এত বড় বন্ধু, জনগণ আপনাদের সাথে আছে- এ বেলুনটি কিন্তু ফুটো হয়ে যাবে।’

দিল্লির কাছ থেকে এই খবর যে এসেছে তা হান্নান শাহ তাঁর এক বন্ধুর কাছে শুনেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

প্রসঙ্গত, কাল বুধবার ঢাকায় সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে হান্নান শাহ বলেন, আন্দোলন করতে হবে। একদিন সরকারই সংলাপের জন্য ব্যস্ত হয়ে উঠবে।