তিস্তার পানি বণ্টন চুক্তি ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতিতে ভরসা রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্পে পা বাড়াল বাংলাদেশ।
গতকাল শনিবার দিল্লিতে তৃতীয় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার পরিধি ব্যাপক বিস্তৃত হয়েছে। বাংলাদেশকে ভারত ইতিমধ্যেই যেসব বিষয়ে সহযোগিতা করছে, তার সঙ্গে যুক্ত হয়েছে পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা ও নবায়নযোগ্য জ্বালানি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠক শেষে বলেছেন, ‘দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা আহ্লাদিত। সম্পর্কের এই আঙিনা অতীত থেকে একেবারেই আলাদা।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, এই বৈঠকে প্রধানত তিনটি ক্ষেত্র— বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও উন্নয়নের অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যও মোটামুটিভাবে ঠিক করা হয়েছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে ভারতের অনুকূলে। বার্ষিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের পরিমাণ বাড়ানো এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য বাড়াতে ভারতকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য নির্ধারিত ১৬টি অঞ্চলের মধ্যে ভারত পছন্দমতো জায়গা বেছে নেবে।
মাহমুদ আলী বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় শিল্পপতিরা গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে পারেন। অর্থনৈতিক অগ্রগতির জন্য সমুদ্র উপকূলবর্তী পথ ব্যবহার করা হবে। চেন্নাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম হয়ে এই সমুদ্র উপকূলপথকে সিঙ্গাপুর পর্যন্ত বিস্তার ঘটানোই এর লক্ষ্য।
দুই দেশের যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে মৈত্রী এক্সপ্রেসে বাড়তি কোচ দেওয়া হবে ২৩ সেপ্টেম্বর থেকে। ট্রেনটি এখন থেকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে তিন দিন চলবে। এ বছর পরীক্ষামূলকভাবে গুয়াহাটি-শিলং-ঢাকা বাস সার্ভিস চলবে। উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে ভারতের পক্ষ থেকে আরও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। দুই বিলিয়ন ডলারের যে সাহায্য দেওয়া হয়েছিল, এর অতিরিক্ত সহায়তা বাংলাদেশ চেয়েছে। ভারতও তা দিতে প্রস্তুত। এর পরিমাণ কত হবে তা জানাতে অস্বীকার করলেও মাহমুদ আলী বলেন, এই সহায়তা প্রধানত অবকাঠামো নির্মাণে প্রয়োজন।
বাংলাদেশ এখন ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে পাচ্ছে। আরও ৫০০ মেগাওয়াট এখনই প্রয়োজন। মাহমুদ আলী বলেন, ‘পালাটানা থেকে বাড়তি বিদ্যুৎ শিগগিরই পাওয়া যাবে। ভারতের সঙ্গে বিদ্যুৎ ক্ষেত্রে যৌথ উদ্যোগে বাংলাদেশ আগ্রহী।’
সহযোগিতার নতুন ক্ষেত্র হলো মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি ও পুনর্বিকিরণ শক্তি। বাংলাদেশকে ভারত এই ক্ষেত্রগুলোতে প্রশিক্ষণ দেবে। ২০১৭ সালে বাংলাদেশ ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশযান উৎক্ষেপণে আগ্রহী। বাংলাদেশের এই প্রথম মহাকাশযান উৎক্ষেপণ ভারত থেকেই হবে।
নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসকেরা আগামী অক্টোবর মাসে নিজেদের মধ্যে বৈঠক করবেন। তারপর সব সীমান্তবর্তী জেলা প্রশাসকদের বৈঠক হবে দিল্লিতে।
তিস্তা ও সীমান্ত চুক্তি এখনো না হওয়া হতাশার কারণ বলে বাংলাদেশ মনে করে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সমস্যা আমরা জানি ও বুঝি। কিন্তু ভারতের ওপর আমরা এই দুই বিষয়ে ভরসাও রেখেছি।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা কংগ্রেসের সাবেক মন্ত্রী গোলাম নবী আজাদের সঙ্গে গতকাল তাঁর কথা হয়েছে। তাঁর বিশ্বাস, সব দলই এই দুই বিষয়ে ঐকমত্য হবে। মাহমুদ আলীকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিষয়টি ব্যাখাও করেছেন। সীমান্ত বিল সংসদের স্থায়ী কমিটিতে বিবেচনাধীন রয়েছে। আগামী মাসে সেই কমিটির বৈঠক রয়েছে। তিস্তা প্রসঙ্গে বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্যের প্রচেষ্টা চলছে। দুই দেশের যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক হবে ঢাকায়। তবে দিনক্ষণ ঠিক হয়নি।
সারদা কেলেঙ্কারি এবং তৃণমূল কংগ্রেসের এক সাংসদের বাংলাদেশবিরোধী কাজকর্মের অভিযোগের বিষয়টি নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে বাংলাদেশের বিস্তারিত কথা হলেও কোনো দেশই এ বিষয়ে তেমন কিছু বলতে নারাজ। আকবর উদ্দিন বলেছেন, ‘কূটনৈতিক আলোচনায় প্রসঙ্গটি ওঠেনি।’
ভারতীয় সূত্রের অবশ্য খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মাহমুদ আলীর এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। কিন্তু দুই দেশই এ নিয়ে প্রকাশ্যে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছে। মাহমুদ আলীকে এ নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, এটা ভারতের নিজস্ব ব্যাপার। তবে ভারত আমাদের আবারও আশ্বস্ত করেছে যে তাদের দেশ থেকে তারা বাংলাদেশবিরোধী কোনো কাজকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশের ক্ষতি হোক এমন কিছু ভারত বরদাশত করবে না।’
তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে যেমন কোনো সময়সীমা নেই, তেমনই অনুপ চেটিয়া ও নূর হোসেনের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়েও কোনো সময়সীমা ধার্য হয়নি। মাহমুদ আলীর কথা, ‘হয়ে যাবে। হয়তো শিগগিরই। তবে কবে তা বলা সম্ভব নয়।’